বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়; বরং নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্য নিয়ে পরিচালিত একটি রেজিমেন্টেড দল। তিনি দাবি করেন, দলটির শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে এবং কোন বিষয়ে হয়নি। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী দল জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী এসব বিষয় বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি জুলাই সনদের বিভিন্ন শর্তও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে মতামত দেওয়ার জন্য জামায়াতকে আহ্বান জানানো হয়েছিল। তবে তারা সেই পথে না গিয়ে ১১ দলকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি বেছে নিয়েছে। তার দাবি, এসব কর্মসূচিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সমর্থন নেই।
প্রতিবেদকের নাম 




















