
নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (৫ জুন) রাতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বিমান প্রতিমন্ত্রী বলেন, আগুন লাগা কার্গো হাউজে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি মালামাল সংরক্ষণ করা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে কমিটি বিস্তারিত প্রতিবেদন দেবে।
এদিকে, ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার প্রায় ১৫ মিনিটের মধ্যে তাদের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
শুক্রবার রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো কমপ্লেক্সের কুরিয়ার অপারেশন জোনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, দায়-দায়িত্ব এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 




















