জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক পুলে অন্তর্ভুক্তির জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী যোগ্য শিক্ষক ও বিশেষজ্ঞরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন বিষয়ে কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট নিরসন এবং অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক ও সংশ্লিষ্ট বিষয়ের দক্ষ বিশেষজ্ঞদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে বিষয়ভিত্তিক শিক্ষক পুল (খণ্ডকালীন) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাদান কার্যক্রম সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম জোরদার, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করাও এ শিক্ষক পুল গঠনের উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে আগ্রহী যোগ্য শিক্ষক ও বিশেষজ্ঞদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট চাকরির পদে ‘আবেদন করুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজস্ব ব্যবহারকারী হিসাব (ইউজার অ্যাকাউন্ট) তৈরি করে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বিষয়ে গত ২০ আগস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।
আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদনের ওয়েবসাইট হলো— jobs.nu.ac.bd
প্রতিবেদকের নাম 

























