
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে নিয়োগপত্র পাওয়া না পাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ অক্টোবরের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তাদের বিষয়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগপত্র পাঠানো হবে।
তাই নিয়োগপত্র পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে প্রচারিত তথ্যের কারণে প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

প্রতিবেদকের নাম 




















