
নালিতাবাড়ীতে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠের আমন ধানের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
গত মঙ্গলবার মধ্যরাতে কলসপাড়, যোগানিয়া, মরিচপুরানসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলা পড়তে শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। শীতের আগমনের সময় এমন শিলাবৃষ্টি হবে—তা ধারণা করতে পারেননি তারা।
কৃষকদের বক্তব্য
কলসপাড় ইউনিয়নের পিপুলেশ্বর গ্রামের কৃষক আব্দুল মোতালেব বলেন,
“রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলা পড়তে শুরু করে। মাঠে এখন উঠতি আমন ধান রয়েছে। আমি সাত একর জমিতে ধান চাষ করেছি। এর মধ্যে প্রায় ছয় একর জমির ধানগাছ মাটিতে হেলে পড়েছে।”
একই এলাকার কৃষক আব্দুল বারেক জানান, সাড়ে চার একর জমিতে আমন ধান চাষ করেছেন তিনি। আর কয়েক সপ্তাহ পরই ধান কাটার উপযোগী হতো। কিন্তু রাতের আকস্মিক বৃষ্টিতে তাঁর প্রায় সব জমির ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। তিনি বলেন,
“ধান চাষ করে সারা বছর চলতে হয়। এখন জমির অবস্থা দেখে ক্ষয়ক্ষতির আশঙ্কা হচ্ছে।”
মরিচপুরান এলাকার কৃষক আজাহার আলী বলেন, তাদের এলাকার কিছু জমিতে তুলশিমালা ও চিনিশাইল জাতের ধানগাছ নুয়ে পড়েছে। এ সময় শিলাবৃষ্টি হওয়ায় ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে তারা উদ্বিগ্ন।
যোগানিয়া এলাকার কৃষক মনির মিয়া জানান, তাঁর প্রায় দুই একর জমির ধান হেলে পড়েছে। হঠাৎ এমন বৃষ্টি হবে তা কল্পনাও করতে পারেননি তারা। তিনি বলেন,
“এমনিতেই চাষাবাদ করতে অনেক খরচ, তার মধ্যে ঠিকমতো ফসল ঘরে তুলতে না পারলে ক্ষতির মুখে পড়তে হবে।”
কৃষি বিভাগের তথ্য
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় ২৩ হাজার ২৩০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানের ভাষ্য—
“শিলাবৃষ্টিতে কলসপাড়, যোগানিয়া ও মরিচপুরান এলাকায় কিছু জমির ধানগাছ নুয়ে পড়েছে। তবে শিলাবৃষ্টি অল্প সময় স্থায়ী হওয়ায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নতুন করে বৃষ্টিপাত না হলে নুয়ে পড়া ধানগাছের তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।”
প্রতিবেদকের নাম 




















