
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পুনর্বিচারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার সম্পন্ন হয়েছে। কোনো দেশ বা পক্ষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে নতুন করে বিচার শুরুর সুযোগ নেই।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে অবস্থানরত এই আসামিকে ফেরত দেওয়ার বিষয়ে সম্প্রতি বিবিসি বাংলাকে দুটি শর্তের কথা জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া শর্তের মধ্যে রয়েছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার নতুন করে শুরু করা।
ভারতের এসব শর্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ভারত নিজেরাই যেখানে পুনর্বিচারের আইন বাতিল করেছে, সেখানে তারা কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়? বিদ্যমান আইনে পুনরায় বিচারের কোনো সুযোগ নেই।
সারা দেশে গণশুনানি করবে ট্রাইব্যুনাল
এ সময় চিফ প্রসিকিউটর জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জুলুম-নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহে সারা দেশে গণশুনানির আয়োজন করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত দল।
আগামী বুধবার যশোর জেলা থেকে এ কার্যক্রম শুরু হবে। গণশুনানিতে জুলাই শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
চট্টগ্রামে ছয় হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
এদিকে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
অভিযোগ গঠনের প্রায় সাড়ে চার মাস পর রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ বিচারকাজ শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন চট্টগ্রামের জুলাই যোদ্ধা আনিস আহমেদ।
এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের কারণে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যায়।
সাক্ষ্য গ্রহণ উপলক্ষে রোববার সকালে মামলায় গ্রেপ্তার থাকা এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলামসহ পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার বাকি ১৭ আসামি পলাতক রয়েছেন।
পলাতক আসামিদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন রয়েছেন।
মামলায় তিনটি অভিযোগ
প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা বলা হয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদকের নাম 





















