
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের রহমতগঞ্জ জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা সবাই বাংলাদেশি। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ কিছুই নয়।” তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করে বিজয় অর্জন করেছেন। একইভাবে ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারের পতন ঘটিয়েছে।
তারেক রহমান আরও বলেন, “এই দেশ আমার-আপনার সকলের।” স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ব্যক্তিদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও মর্যাদা সবার জন্য সমান।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি রংপুরের পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এরপর বিকেল ২টা ৫৫ মিনিটে রাজশাহীতে পৌঁছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। রাত ৭টা ৪০ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রতিবেদকের নাম 




















