প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে সাংবাদিক, সম্পাদক ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি গঠনের পর ১৫ দিনের মধ্যে সরকারের কাছে সুপারিশ দেওয়ার কথা রয়েছে। তবে এখনো কমিটির সদস্যসংখ্যা ও সদস্যদের নাম চূড়ান্ত হয়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে খসড়া আইন নিয়ে গণমাধ্যমের অংশীজনদের সঙ্গে আয়োজিত পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ সেপ্টেম্বরের পর আইনটি নিয়ে এটি ছিল দ্বিতীয় বৈঠক।
কমিটিতে সম্পাদক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ কমিটির ফোকাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সম্পাদক পরিষদ, অ্যাটকো ও সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে কমিটি গঠন এবং বৈঠক আয়োজনের সমন্বয় করবেন।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে সাইবার সুরক্ষা আইনের প্রয়োজনীয়তার প্রতি সমর্থন জানানো হলেও গণমাধ্যমের বিরুদ্ধে এর অপব্যবহারের আশঙ্কা তুলে ধরা হয়। সম্পাদক ও সাংবাদিক নেতারা গণমাধ্যমকর্মীদের জন্য আইনি সুরক্ষার দাবি জানান। পাশাপাশি মোবাইল কোর্টের বিধান রাখার বিষয়েও আপত্তি জানান তারা।
গণমাধ্যমের এসব উদ্বেগের পরিপ্রেক্ষিতে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের প্রস্তাবে সাংবাদিক ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমকে লক্ষ্য করে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি। কোনো সাংবাদিক যেন আইনের অপব্যবহারের শিকার না হন, সরকার সেটিও চায় না।
তিনি জানান, কমিটির সুপারিশ পাওয়ার পর খসড়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। এরপর সংশোধিত খসড়াটি আবারও সাধারণ মানুষের মতামতের জন্য সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাবও সভায় এসেছে বলে জানান তিনি।
সভা শেষে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, সংশোধন ছাড়া আইনটি পাস হলে এর অপপ্রয়োগের আশঙ্কা থাকবে।
দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, প্রস্তাবিত খসড়ায় প্রত্যাশিত মূল্যবোধের প্রতিফলন নেই। আইন তৈরির পাশাপাশি বাস্তবে এর প্রয়োগ কীভাবে হবে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। পর্যালোচনা কমিটি গঠনের প্রস্তাব গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান মাহফুজ আনাম।
এর আগে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করার জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। সরকারি নথি অনুযায়ী, খসড়া আইনটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬ সংশোধনের উদ্দেশ্যে প্রণীত।
সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক নেতা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















