পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে তারা সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া। তিনি জানান, বুধবার রাতে কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করেন। পরদিন নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতেই তারা সিলেটে রওনা হন।
এর আগে বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এনসিপির নেতারা। অভিযোগটি করেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। এতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে দাবি করা হয়, হামলার সময় একটি ল্যাপটপসহ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন যন্ত্রপাতি, নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৫০ লাখ টাকা মূল্যের কয়েকটি গাড়ি ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি গাড়িবহর মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হলে শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্যের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এনসিপির অভিযোগ, সড়কে একটি খালি ট্রাক রেখে তাদের পথ আটকে দেওয়া হয়। এ সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা এবং একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
পরে গাড়িবহর রশিদপুর গ্যাস ফিল্ড ও কামাইছড়া এলাকায় আরও কয়েক দফা পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। পরে পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়।
প্রতিনিধি দলে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু এবং সারোয়ার আলম।
তবে এনসিপির করা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 

























