
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট স্থগিত করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন এবং টিকিট বিক্রি শেষ হওয়ার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি আয়োজনের কথা ছিল। তবে বৃহস্পতিবার আয়োজকরা এক বিজ্ঞপ্তিতে জানান, আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন তারিখ ও ভেন্যু ঘোষণার চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে।
এদিকে অনুপম রায়ও গণমাধ্যমকে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে তাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, এ আয়োজনে অনুপম রায়ের পাশাপাশি বাংলাদেশের ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’রও পরিবেশনার কথা ছিল। সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের একাধিক অনুষ্ঠান স্থগিত হওয়ার ধারাবাহিকতায় অনুপম রায়ের কনসার্ট নিয়েও শঙ্কা ছিল, যা শেষ পর্যন্ত সত্যি হলো।
প্রতিবেদকের নাম 




















