
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন তিনি। তবে যুদ্ধের সমাপ্তি নিয়ে তার আশাবাদ ও সংঘাতের বাস্তব পরিস্থিতির মধ্যে স্পষ্ট বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে।
অ্যারিজোনার বুলহেড সিটিতে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরান তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা হারিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় সারির নেতাদের পর তৃতীয় সারির নেতৃত্বের অর্ধেকই ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের পক্ষ থেকে তাকে আর কাউকে আক্রমণ না করার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছিল এবং তিনি তাতে সম্মতি দিয়েছেন।
তবে সাম্প্রতিক হামলার কারণে তেহরানের সঙ্গে আলোচনা প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। ইরানের নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি জানান, এখন কার সঙ্গে আলোচনা চালানো হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে ট্রাম্প জানান, সংঘাতের কারণে দাম বাড়ার আশঙ্কা তার ছিল, তবে যুদ্ধ শেষ হলেই জ্বালানির দাম দ্রুত কমে আসবে বলে তিনি আশ্বাস দেন। এদিকে বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বাড়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব জ্বালানি বাজার নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিবেদকের নাম 




















