যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ফলে ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করছেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান হান্টার বাইডেন। তিনি বলেন, ক্যানসার শরীরের দূরবর্তী বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। বিষয়টি পরিবারের জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
হান্টার বাইডেন জানান, শারীরিকভাবে দুর্বল ও কষ্টকর পরিস্থিতির মধ্যেও তার বাবা দেশের প্রতি গভীর বিশ্বাস থেকে এখনও সক্রিয় থাকার চেষ্টা করছেন।
২০২৫ সালের মে মাসে জো বাইডেনের শরীরে আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। পরে চিকিৎসার অংশ হিসেবে তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি নেন।
সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিকে পাওয়া ক্ষমা নিয়েও কথা বলেন। তিনি জানান, বাবার কাছ থেকে পাওয়া এই ক্ষমার জন্য তিনি চিরকৃতজ্ঞ।
২০২৪ সালের ডিসেম্বরে জো বাইডেন বিশেষ আদেশের মাধ্যমে তার ছেলে হান্টার বাইডেনকে পূর্ণ ক্ষমা করেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকি সংক্রান্ত মামলার সাজা কার্যকর হওয়া বন্ধ হয়ে যায়।
সূত্র: সিএনবিসি
প্রতিবেদকের নাম 




















