নারকেল আমাদের রান্নাঘরের পরিচিত একটি উপাদান। পিঠা-পায়েস থেকে শুরু করে নানা ধরনের রান্নায় নারকেলের ব্যবহার রয়েছে। আবার ডাবের মতো তাজা নারকেলের পানিও অনেকের কাছে বেশ পছন্দের। তবে শক্ত খোলসের কারণে নারকেল ভাঙা অনেক সময় বেশ ঝামেলার হয়ে দাঁড়ায়।
বিশেষ করে বাড়িতে ভারী হাতুড়ি বা উপযুক্ত সরঞ্জাম না থাকলে নারকেল ভাঙতে গিয়ে বিপাকে পড়তে হয়। তবে কিছু সহজ কৌশল জানা থাকলে খুব বেশি পরিশ্রম ছাড়াই নারকেল ভাঙা সম্ভব। ‘টিভিনাইন’-এর একটি প্রতিবেদনে এমন পাঁচটি পদ্ধতির কথা তুলে ধরা হয়েছে।
ডিপ ফ্রিজে রাখুন
নারকেলটি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে সারারাত বা অন্তত ১২ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। জমে যাওয়ার পর সেটি বের করে শক্ত ও সমতল জায়গায় কয়েকবার হালকা আঘাত করুন। এতে নারকেলের শক্ত খোলসে ফাটল তৈরি হতে পারে এবং খোসা আলগা হয়ে আসবে।
তাপ ব্যবহার করে খোলস আলগা করুন
এই পদ্ধতিতে প্রথমেই নারকেলের পানি বের করে নিতে হবে। এরপর সাঁড়াশির সাহায্যে নারকেলটি ধরে মাঝারি আঁচে গ্যাসের ওপর ২ থেকে ৩ মিনিট ধীরে ধীরে ঘোরাতে পারেন। তাপের প্রভাবে খোলস কিছুটা প্রসারিত হয়ে ফাটল তৈরি করতে পারে। ফলে নারকেল ভাঙা সহজ হতে পারে।
তবে আগুন ব্যবহারের কারণে এই পদ্ধতিতে বাড়তি সতর্কতা জরুরি।
আগে বের করে নিন নারকেলের পানি
নারকেলের এক প্রান্তে সাধারণত তিনটি কালচে দাগ বা ‘চোখ’ থাকে। এগুলোর মধ্যে একটি তুলনামূলক নরম হতে পারে। উপযুক্ত সরঞ্জাম দিয়ে সেখানে ছোট ছিদ্র করে নারকেলের পানি একটি পাত্রে বের করে নিন।
পানি বের করার পর নারকেলের ভেতরের চাপ কমে যায়। এরপর শক্ত কোনো জায়গায় হালকা আঘাত করলে অনেক সময় নারকেল সহজেই দুই ভাগ হয়ে যায়।
কাপড়ে মুড়ে শক্ত জায়গায় ফেলুন
নারকেলটি একটি মোটা কাপড় বা প্লাস্টিকের আবরণে মুড়ে নিন। এরপর নিরাপদ ও শক্ত মেঝে বা পাথরের ওপর অল্প উচ্চতা থেকে ফেলতে পারেন। আঘাতের ফলে খোলসে ফাটল ধরতে পারে।
এ ক্ষেত্রে আশপাশে কেউ যেন না থাকে এবং নারকেলের টুকরো ছিটকে গিয়ে ক্ষতি না করে—সেদিকে খেয়াল রাখা জরুরি।
প্রাকৃতিক দাগ বরাবর আঘাত করুন
নারকেলের মাঝ বরাবর একটি প্রাকৃতিক রেখা বা জোড়া দাগ দেখা যায়। পানি বের করে নেওয়ার পর ওই রেখা বরাবর একটি নিরাপদ ভোঁতা ভারী উপকরণ দিয়ে ধীরে ধীরে চারপাশে টোকা দিতে পারেন।
একই রেখায় কয়েকবার আঘাত করলে খোলসে ফাটল তৈরি হয়ে নারকেলটি তুলনামূলকভাবে সুন্দরভাবে দুই ভাগে বিভক্ত হতে পারে।
সতর্কতা: নারকেল ভাঙার সময় ধারালো অস্ত্র ব্যবহার না করাই নিরাপদ। আগুন বা শক্ত কোনো বস্তু ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। শিশুদের কাছ থেকে কাজটি দূরে রাখুন এবং চোখ ও হাত সুরক্ষিত রাখুন।
প্রতিবেদকের নাম 


























