দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৩ জনের।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৬ জন। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৪০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।
বিভিন্ন বিভাগে পাঁচজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগের একজন, সিলেট বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের দুজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যু এবং নতুন সংক্রমণের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
প্রতিবেদকের নাম 























