দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,
এপ্রিলের প্রথম ২৬ দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ২০ শতাংশ।
চলতি ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত রোববার একদিনেই প্রবাসী আয় এসেছে প্রায় ১ হাজার ৬৯৫ কোটি ৮০ লাখ টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
গত বছরের এপ্রিলের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার, যা চলতি বছরে বেড়ে ২৭১ কোটি ৮০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৬০ শতাংশ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ দশমিক ২০ শতাংশ বেশি।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রতিবেদকের নাম 





















