
দেশের ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে এলাকার বৃষ্টির পূর্বাভাস জানার পাশাপাশি কৃষি উপকরণ, ফসলের বিমা ও ব্যাংকঋণ পাওয়ার সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, কৃষক কার্ড চালুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা প্রস্তুত হলে ধাপে ধাপে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, বছরে দুই বা তিনটি ফসল উৎপাদন করেন—এমন কৃষকদের অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের চেষ্টা করবে সরকার। এর মাধ্যমে কৃষকদের আর্থিক চাপ কিছুটা কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, কৃষক কার্ডের মাধ্যমে জমির ফসলের বিমা করার সুযোগ থাকবে। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়াও সহজ করার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান বলেন, কৃষকেরা কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারবেন পরদিন তাঁদের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না। এই তথ্য কাজে লাগিয়ে তাঁরা বীজ বপন কিংবা জমিতে সার প্রয়োগের মতো কৃষিকাজের সিদ্ধান্ত নিতে পারবেন।
কৃষক কার্ডে এ ধরনের প্রায় ১০টি সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রতিবেদকের নাম 



















