বর্তমান সরকার আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আগে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিদেশ যেতে শিক্ষার্থীদের ঋণ
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং প্রবাসীদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার।
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
দক্ষতা উন্নয়নে গুরুত্ব
নুরুল হক নুর বলেন, শুধু সার্টিফিকেটনির্ভর গতানুগতিক শিক্ষা দিয়ে বর্তমান শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক চাকরির বাজারে যেসব বিষয়ে চাহিদা রয়েছে, সেসবের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলামে পরিবর্তন আনার বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে।
তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।
সাইবার আইন সংশোধনের উদ্যোগ
সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও নিরাপদ করে তুলতে সাইবার আইন খুব শিগগিরই সংশোধন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে মানবাধিকার আইন ও গুম আইন সংসদে পাস হয়েছে। জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।
পরে ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিএম কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিবেদকের নাম 




















