নওগাঁয় বাস ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিরোধের অবসান হওয়ায় টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
বাস চলাচল বন্ধ থাকায় গত কয়েক দিন বিভিন্ন রুটের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয়েছে তাদের।
জানা গেছে, কয়েক দিন আগে বাস ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সড়কে যানবাহন চলাচল ও যাত্রী পরিবহন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলা ও আন্তঃউপজেলা সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটে।
পরে পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর থেকে জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল আবার শুরু হয়।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু বকর সিদ্দিক নান্নু বলেন, পুলিশসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতির সমাধান হয়েছে। ভবিষ্যতে নওগাঁর অভ্যন্তরে এ ধরনের সমস্যা যাতে আর না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, প্রশাসনের উদ্যোগে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়েছে। উভয় পক্ষকে সহনশীলতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে পরিবহন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
প্রতিবেদকের নাম 



















