দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়াতে এসএমই ফাউন্ডেশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম (সিডব্লিউপি)-এর আওতায় সম্পাদিত এ চুক্তির মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত খাতের উদ্যোক্তারা মাত্র ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
গত ১৬ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এমটিবির পক্ষে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ এবং এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।
এসময় এমটিবির এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় এসএমই খাতের বিভিন্ন উপখাত, শিল্প ক্লাস্টার, ব্যাংকিং সুবিধাবঞ্চিত অঞ্চল, নারী উদ্যোক্তা, গ্রামীণ ও প্রান্তিক ব্যবসা, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়ন করা হবে।
প্রতিবেদকের নাম 


























