মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল বা ক্র্যাক শনাক্ত হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
৭৩০ বিয়ারিং প্যাডের মধ্যে ২৭টি ক্রিটিক্যাল
সেতুমন্ত্রী জানান, সেফটি অডিট কমিটির প্রতিবেদনে মেট্রোরেল রুটের ৭৩০টি বিয়ারিং প্যাডের সবগুলোকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়নি।
এর মধ্যে ১৪৭টি বিয়ারিং প্যাডের ত্রুটি মাইনর হিসেবে শনাক্ত হয়েছে। আরও ২৯৭টি প্যাডের ত্রুটি স্থাপন ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। আর ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অডিট কমিটির প্রতিবেদনে মেট্রোরেলের ৪৬টি পিয়ারেও বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
৩০ নভেম্বরের মধ্যে বদলানো হবে ২৭ প্যাড
সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে জানান শেখ রবিউল আলম।
বিয়ারিং প্যাডের স্থানচ্যুতির মতো সমস্যা হতে পারে—এমন ১০টি ক্ষেত্রে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৭টি বিয়ারিং প্যাডে সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে।
ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত ২৭টি বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে।
পিয়ারের ফাটল পরীক্ষা করবে বুয়েট
৪৬টি পিয়ারে শনাক্ত ফাটলের ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান সেতুমন্ত্রী।
এ ছাড়া স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানোর কার্যক্রমও নেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 

























