নেত্রকোনায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া ইসলামকে প্রতারণার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহ পরানের আদালতে তাকে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সাদিয়া নেত্রকোনা সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়দের হাতে আটক, পরে মামলা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজনকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাদিয়া তিন হাজার টাকা করে নেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকালে কুড়পাড় এলাকায় আরও একজনের কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাকে থানায় নেওয়া হয়।
এরপর বুধবার সকালে পৌর শহরের বলাইগুয়া চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার (২৬) বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন।
পাঁচজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ
মামলার বাদী প্রিয়া আক্তার অভিযোগ করেন, সাদিয়া তাকে ও আরও চারজনকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে প্রথমে পাঁচ হাজার টাকা চান। পরে তাদের প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন।
প্রিয়ার দাবি, তাকে আরও দুই হাজার টাকা দিতে বলা হয়েছিল এবং পরদিনই ফ্যামিলি কার্ড হয়ে যাবে বলে জানানো হয়েছিল। পরে আরও কয়েকজনের কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয়রা সাদিয়াকে আটক করেন বলে জানান তিনি।
‘ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়নি’
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এনসিপির ওই নেত্রীকে আটকের কথা তিনি শুনেছেন।
তিনি দাবি করেন, সদর উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। এ ধরনের কার্ড দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাকে পুলিশে দেওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির নেতার দাবি, ‘চক্রান্তের শিকার’
অভিযোগ অস্বীকার করে এনসিপির জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখছেন। তার ধারণা, সাদিয়া চক্রান্তের শিকার হতে পারেন এবং তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রও হয়ে থাকতে পারে।
তবে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সাদিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
টাকা নেওয়ার কথা স্বীকারের দাবি পুলিশের
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিয়া আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি প্রিয়া আক্তার, সুমি আক্তার, ইতি আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। এ ঘটনায় প্রিয়া আক্তার মামলা করেছেন।
ওসি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে সাদিয়া কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে তিনি জানতে পেরেছেন। পরে মামলার আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিবেদকের নাম 
























