স্বাধীনতার পর থেকে দেশের জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত মোট ৯টি বিল আইনে পরিণত হয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।
সংসদীয় নিয়ম অনুযায়ী, যারা মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকেন না, তাদের বেসরকারি সদস্য হিসেবে গণ্য করা হয়। এসব সদস্যের উত্থাপিত বিলই ‘বেসরকারি বিল’ নামে পরিচিত।
জানা গেছে, প্রথম জাতীয় সংসদ থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত পাশ হওয়া ৯টি বেসরকারি বিলের মধ্যে একটি বিরোধী দলের সদস্যের উত্থাপিত ছিল। বাকি আটটি এসেছে ক্ষমতাসীন দল বা জোটের সংসদ সদস্যদের পক্ষ থেকে।
বৈঠকে আরও জানানো হয়, দেশের প্রথম, ষষ্ঠ ও দ্বাদশ জাতীয় সংসদে কোনো বেসরকারি বিল উত্থাপিত হয়নি। এর মধ্যে ষষ্ঠ সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ এবং শেষ হয় ৩০ এপ্রিল। অধিবেশনের প্রথম দিনেই বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও কার্যকরভাবে কাজ করার সুপারিশ করা হয়, যাতে সংসদ সদস্যরা বিলের খসড়া তৈরিতে সহায়তা পান।
সংসদীয় রীতি অনুযায়ী, অধিবেশন চলাকালে বৃহস্পতিবার সাধারণত বেসরকারি সদস্যদের কার্যদিবস হিসেবে বিবেচিত হয়। তবে প্রয়োজন অনুযায়ী স্পিকার দিনটিকে সরকারি কার্যদিবস হিসেবেও ঘোষণা করতে পারেন।
প্রতিবেদকের নাম 

























