স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য, প্রযুক্তি উদ্যোক্তা এবং দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সেক্রেটারি অব স্টেট টাডেজ স্ল্যাপনিক সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেছেন। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এ সফরে ডিজিটাল রূপান্তর, ব্লকচেইন প্রযুক্তি, সামাজিক উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান ডিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা।
আলোচনায় শিক্ষা ও গবেষণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথ প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি সামাজিক উদ্যোক্তা উন্নয়ন এবং ব্লকচেইন প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
এ সময় চীনের ইউথিংক সেন্টার-এর সেক্রেটারি জেনারেল অ্যালেক্স ওয়াং উপস্থিত ছিলেন। তিনি আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনায় অংশ নেন।
বৈঠক শেষে অতিথিরা ড্যাফোডিল স্মার্ট সিটি-তে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষা কার্যক্রম, গবেষণা উদ্যোগ, আধুনিক অবকাঠামো এবং উদ্ভাবনভিত্তিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে অবগত হন।
বর্তমানে টাডেজ স্ল্যাপনিক ইউরোপ-এশিয়া সেন্টার অন ডিজিটাল ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রি ইনোভেশন-এর কো-চেয়ার, হাই-লেভেল গ্রুপ অন ব্লকচেইন ফর দ্য এসডিজিস-এর কো-চেয়ার এবং ওয়ার্ল্ড ব্লকচেইন হাব-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডিজিটাল অর্থনীতি, ব্লকচেইন এবং টেকসই উন্নয়ন নিয়ে তার দীর্ঘদিনের কাজ আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই সফরের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রতিবেদকের নাম 
























