
বৈরী আবহাওয়ায় ব্যাহত স্পেনের প্রস্তুতি, অনুশীলন ছাড়াই ফাইনালে ।
বিশ্বকাপ ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের মাত্র একদিন আগে বৈরী আবহাওয়ার কারণে শেষ অনুশীলন সেশন বাতিল করতে বাধ্য হয়েছে লা রোহা।
স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় নিউ জার্সির হুইপ্যানিতে স্পেনের শেষ অনুশীলনের সূচি ছিল। নিউ ইয়র্ক রেড বুলসের সাবেক ট্রেনিং সেন্টার এবং এনডব্লিউএসএল ক্লাব গথাম এফসির ভবিষ্যৎ অনুশীলন কমপ্লেক্সে সেশনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে বজ্রপাতের আশঙ্কায় প্রথমে অনুশীলন পিছিয়ে দেওয়া হয়। পরে আবহাওয়ার উন্নতি না হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুরো অনুশীলনই বাতিল করা হয়।
নিরাপত্তা বিধি অনুযায়ী, অনুশীলনস্থলের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে হয়। প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হলেও শনিবার সকালজুড়ে ঝুঁকি কাটেনি।
ফলে নির্ধারিত শেষ অনুশীলন ছাড়াই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে স্পেনকে। এতে প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও শিরোপার লড়াইয়ে আত্মবিশ্বাস ধরে রেখেছে লুইস দে লা ফুয়েন্তের দল।
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
প্রতিবেদকের নাম 


























