সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত মুহূর্তের একটি ভাইরাল ভিডিও নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দলটি। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের প্রতি দলের নজর রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে গাজী নজরুলের নিজস্ব বক্তব্য, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও প্রকাশিত হয়েছে।
জামায়াত জানায়, ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিষয়টি আরও যাচাই-বাছাই করা হবে। তদন্ত শেষে দলের সাংগঠনিক নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।
দলটির ভাষ্য অনুযায়ী, সব দিক বিবেচনায় নিয়ে সত্যতা যাচাইয়ের পরই এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানানো হবে।
প্রতিবেদকের নাম 




















