
চলতি করবর্ষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ব্যক্তি শ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ১ অক্টোবরের পর রিটার্ন জমা দিলে এ সুবিধা আর পাওয়া যাবে না।
রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের নির্ধারিত সময়ের শুরুতেই আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করতে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী নতুন কর প্রণোদনা কার্যকর করা হয়েছে। এই সুবিধা ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) শ্রেণির করদাতাদের জন্য প্রযোজ্য।
আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত করছাড় পাওয়া যাবে। তবে এই করছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
দেরিতে রিটার্ন দিলে যা হবে
এনবিআর জানিয়েছে—
- ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর: কোনো কর প্রণোদনা পাওয়া যাবে না।
- ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ: পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর দিতে হবে।
- ১ এপ্রিল থেকে ৩০ জুন: পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর প্রযোজ্য হবে।
ই-রিটার্ন সেবা চালু
এনবিআর জানায়, ২২ জুলাই থেকে ২০২৬–২৭ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে।
এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই রিটার্ন দাখিলের পাশাপাশি ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ এবং রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে।
সঠিক তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ পাওয়া যাবে। এছাড়া ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় সরকারি কর্মদিবসে এনবিআরের কল সেন্টার ও অন্যান্য অনলাইন মাধ্যমে সহায়তা পাওয়া যাবে।
এনবিআর করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা গ্রহণ করুন।
প্রতিবেদকের নাম 


























