রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও তাদের জোটের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আগামী ২০ আগস্ট সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি এসব কথা বলেন।
তিনি জানান, মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
নুরুল ইসলাম মণি বলেন, “আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী ২০ তারিখ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চাই।”
রাষ্ট্রপতি নির্বাচন সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
এবার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ১১ দলীয় জোটের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদও রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন এবং তাঁর মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে।
জুলাই সনদ নিয়ে যা বললেন চিফ হুইপ
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে নুরুল ইসলাম মণি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, জুলাই সনদের সব বিষয় বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, নতুন করে সংবিধান লেখা হবে না। তবে সংবিধানের কোনো অংশ পরিবর্তন করা হলে সেটি সংবিধান সংশোধনের অংশ হবে। এ বিষয়ে সব পক্ষের মতামত নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর সংবিধান তৈরি করতে চান তারা।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে কে আসবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলেও জানান চিফ হুইপ।
প্রতিবেদকের নাম 



















