ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে হৃদয় শেখ (২০) এবং নগরকান্দা পৌরসদরের এনায়েত শেখের ছেলে সাকিব শেখ (২২)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান জানান, সাকিব নগরকান্দা থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। তাঁর মোটরসাইকেলটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার।
পথে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় পথচারী হৃদয় শেখকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই পথচারী হৃদয় ও চালক সাকিবের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করছে পুলিশ।
প্রতিবেদকের নাম 




















