আগামীকাল রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানি ভাতা বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিকেল ৪টায় কিশোরগঞ্জ সদরের পুরোনো স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মানি বিতরণের পাশাপাশি ফ্যামিলি কার্ডও বিতরণ করবেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ স্থানীয় সংসদ সদস্যরা।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের কর্মসূচি
রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরোনো ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। একই অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজারের বেশি ধর্মীয় নেতা
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাবেন।
এর মধ্যে মাসিক সম্মানি দেওয়ার জন্য নির্বাচিত হয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।
সরকারের এই কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের নিয়মিত রাষ্ট্রীয় সম্মানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















