সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে সুপারিশ তৈরি করতে সরকার সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
কমিটির নেতৃত্বে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটির মূল কাজ হলো ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ তৈরি করা।
সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন হলে কমিটিতে নতুন সদস্য যুক্ত করা যাবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা শিগগিরই নতুন পে স্কেল নিয়ে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে।
তবে নতুন পে স্কেল ঠিক কবে থেকে কার্যকর হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বেতন বাড়ানোর ফলে সরকারের ব্যয় অনেক বেড়ে যেতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি নিয়ে সরকার আর্থিক সক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে চাচ্ছে।
প্রয়োজনে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল চালুর পর এখন পর্যন্ত নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা হয়নি। এ সময় জীবনযাত্রার খরচ ও মূল্যস্ফীতি বাড়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেলের দাবি আরও জোরালো হয়েছে।
২০২৫ সালের জুলাইয়ে নবম পে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।
প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়েছিল।
এখন সরকারি চাকরিজীবীদের নজর মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে। প্রস্তাবটি কবে অনুমোদন হবে, এরপর কখন প্রজ্ঞাপন জারি হবে এবং শেষ পর্যন্ত কোন কাঠামোয় নতুন বেতন কার্যকর হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
প্রতিবেদকের নাম 























