জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রচারের আলোয় খুব একটা দেখা যাচ্ছে না ভারতকে। সম্মেলনস্থলে দেশটির নিজস্ব কোনো প্রদর্শনী প্যাভিলিয়ন নেই। এমনকি প্রতিনিধিদলের আকারও অনেক দেশের তুলনায় ছোট।
তবে প্রকাশ্যে উপস্থিতি কম থাকলেও পর্দার আড়ালের দর-কষাকষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ভারতের প্রতিনিধিদলে নিবন্ধিত সদস্য প্রায় ১৫২ জন। বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের প্রতিনিধিদলও সংখ্যায় ভারতের চেয়ে বড়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ২০২৮ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাহার এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রায় তুলনামূলক কম উচ্চাকাঙ্ক্ষী অবস্থানের কারণে ভারতের জলবায়ু কূটনীতিতে পিছিয়ে যাওয়ার ধারণা তৈরি হয়েছে। তবে বাস্তবে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে গুরুত্বপূর্ণ আলোচনায় সক্রিয় রয়েছে নয়াদিল্লি।
ভারতের মূল দাবি, উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা বা সময়সীমা চাপিয়ে দেওয়ার আগে উন্নত দেশগুলোকে অতিরিক্ত অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার নিশ্চয়তা দিতে হবে।
ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, জলবায়ু মোকাবিলায় পদক্ষেপ নিতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোকে তাদের উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নত জীবনযাপনের অধিকার বিসর্জন দিতে বলা যায় না।
সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ বিরোধের কেন্দ্রেও রয়েছে ভারত। প্রথমটি হলো জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) তিনটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশের সময়সীমা। দ্বিতীয়টি ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের প্রস্তাব।
এদিকে ভারতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ছে। দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৩০ শতাংশ আসছে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে। বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্ন জ্বালানিতে ভারতের আরও উচ্চাকাঙ্ক্ষী নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে।
পরিবেশনীতি বিশ্লেষকদের মতে, জলবায়ু কূটনীতি থেকে ভারত সরে যায়নি। বরং আলোচনার টেবিলে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার পাশাপাশি সমঝোতা তৈরির সুযোগও রয়েছে দেশটির।
প্রতিবেদকের নাম 
























