
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর পর সড়কে আইন মেনে চলার প্রবণতা বাড়তে শুরু করেছে। উদ্বোধনের প্রথম দিন ১৮ আগস্ট অতিরিক্ত গতি ও উলটো পথে গাড়ি চালানোর ঘটনায় ৪৪৬টি মামলা হলেও পরদিন ১৯ আগস্ট তা কমে দাঁড়ায় মাত্র ৪২টিতে। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমেছে প্রায় ৯১ শতাংশ।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রথম দিন অতিরিক্ত গতির কারণে ৪১৭টি এবং উলটো পথে চলাচলের কারণে ২৯টি মামলা হয়। পরদিন অতিরিক্ত গতির মামলা কমে ৪২টিতে নেমে আসে এবং উলটো পথে চলাচলের কোনো ঘটনা শনাক্ত হয়নি।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতি, উলটো পথে চলাচল, বিপজ্জনক ওভারটেকিং, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ বলছে, ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অপরাধ শনাক্ত ও মামলা হওয়ায় মানুষের হস্তক্ষেপের সুযোগ কমেছে। তবে এই উদ্যোগের প্রভাব কতটা স্থায়ী হচ্ছে এবং দুর্ঘটনা কতটা কমছে, তা নিয়মিত মূল্যায়ন করা হবে।
প্রতিবেদকের নাম 




















