২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত হার অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকার নন-এমপিও বা আংশিক এমপিও কলেজের জন্য। প্রতিষ্ঠান এমপিওভুক্ত কি না, কলেজের অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষা বোর্ডের আবেদন ফি এবার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই ফি ছিল ৩৩৫ টাকা।

এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি
- ঢাকা মেট্রোপলিটন: বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা
- ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকা: বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা
- জেলা পর্যায়ে: বাংলা ও ইংরেজি ভার্সনে ২ হাজার টাকা
- উপজেলা ও মফস্সল এলাকায়: ১ হাজার ৫০০ টাকা
নন-এমপিও কলেজে ভর্তি ফি
ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা নেওয়া যাবে।
উপজেলা ও মফস্সল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক নিশ্চায়নে ৩৪০ টাকা
ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা নেবে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে—
- রেজিস্ট্রেশন ফি — ১৪২ টাকা
- ক্রীড়া ফি — ৫০ টাকা
- রোভার/রেঞ্জার ফি — ১৫ টাকা
- রেড ক্রিসেন্ট ফি — ১৬ টাকা
- বিজ্ঞান ও প্রযুক্তি ফি — ৭ টাকা
- বিএনসিসি ফি — ১০ টাকা
- শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতা — ১০০ টাকা
এ ছাড়া একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৪০০ টাকা বোর্ডে পাঠাতে হবে।
প্রতিবেদকের নাম 




















