চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গাজা শহরের পশ্চিমে কাতিবা এবং মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় চালানো পৃথক হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, কাতিবা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হন। হামলার সময় এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আনাদোলুর এক প্রতিবেদক।
অন্যদিকে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি কিশোরী নিহত হয়েছে। আল-আকসা মার্টার্স হাসপাতাল এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলার ধরন বা লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
যুদ্ধবিরতি চলার মধ্যেই নতুন করে এসব হামলার ঘটনা ঘটল। এর আগে গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানের পরও গাজায় আবার হামলার ঘটনা ঘটেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৩২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৪ হাজার ৩৮৫ জনের বেশি।
যুদ্ধবিরতির মধ্যেও প্রাণহানির এই ধারাবাহিকতা গাজায় পরিস্থিতির নাজুক অবস্থাই তুলে ধরছে।
প্রতিবেদকের নাম 






















