কাগজের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর ও আধুনিক সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ কর্তৃপক্ষ। এ ব্যবস্থার মাধ্যমে সংসদের কার্যক্রম, নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও আদান-প্রদান ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্যদের সাক্ষাতে ই-পার্লামেন্ট বাস্তবায়নের উদ্যোগটি চূড়ান্ত হয়।
এক প্ল্যাটফর্মেই থাকবে সংসদের নথি
প্রস্তাবিত ই-পার্লামেন্ট সিস্টেমে বাংলা ও ইংরেজি—দুই ভাষার সংস্করণ থাকবে। এর মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।
এই ব্যবস্থা চালু হলে কোনো সংসদ সদস্য বা কর্মকর্তাকে প্রয়োজনীয় নথির জন্য ফাইল-ফোল্ডার খুঁজতে হবে না। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই সংশ্লিষ্ট নথি ও তথ্য পাওয়া যাবে।
কমিটি গঠনের নির্দেশ স্পিকারের
ই-পার্লামেন্ট বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্পিকার। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে চেয়ারম্যান করে গঠিত কমিটি প্রস্তাবিত সিস্টেমের কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করবে।
এ ছাড়া চলতি সেপ্টেম্বরের শেষ নাগাদ ই-পার্লামেন্ট সিস্টেম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপনের নির্দেশও দিয়েছেন স্পিকার। সেখানে সিস্টেমটির কার্যপদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হবে।
কমবে কাগজ ও প্রশাসনিক ব্যয়
সংশ্লিষ্টদের মতে, ই-পার্লামেন্ট চালু হলে সংসদের বিভিন্ন কার্যক্রম ও নথি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এতে কাগজের ব্যবহার কমার পাশাপাশি সময় ও প্রশাসনিক ব্যয় সাশ্রয় হবে।
একই সঙ্গে সংসদীয় কার্যক্রমের গতি, দক্ষতা ও বিভিন্ন পর্যায়ের সমন্বয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
সহযোগিতা নেবে ইউএনডিপি ও দাতা সংস্থার
ডিজিটাল রূপান্তরের জন্য প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করতে ইউএনডিপি, দাতা দেশ ও দাতা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে তাদের সহযোগিতা নেওয়া হবে।
এর আগে ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট উদ্যোগ বাস্তবায়নে ইউএনডিপির কাছে কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছিলেন।
মূলত, গত ৩ সেপ্টেম্বর লাইব্রেরি কমিটির ষষ্ঠ বৈঠকে ই-পার্লামেন্ট বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। রোববারের সাক্ষাতের মাধ্যমে সেই উদ্যোগের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হলো।
প্রতিবেদকের নাম 





















