দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন বা ৩ হাজার ৬৩৮ কোটি ৫৯ লাখ ২০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম-৬ পদ্ধতিতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৪৭ বিলিয়ন বা ৩ হাজার ১৪৭ কোটি ৪৯ লাখ ডলার।
অর্থাৎ, মোট রিজার্ভের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিপিএম-৬ হিসাবেও দেশের বৈদেশিক মুদ্রার মজুত ৩১ বিলিয়ন ডলারের বেশি রয়েছে।
পাঁচ দিনে এলো ৪৩ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স
রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি প্রবাসী আয়ের প্রবাহেও ইতিবাচক চিত্র দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই রেমিট্যান্সের পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি।
রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রতিবেদকের নাম 






















