দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট, মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩ মে) সকালে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন ইচ্ছেমতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে এবং মজুদদারির মাধ্যমে বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে—এ বিষয়ে নিয়মিত বাজার তদারকি জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা যেন সফল না হয়, সেজন্য প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
জেলা প্রশাসকদের জনমুখী প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি, বিলম্ব বা অনিয়মের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।
কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃষক যেন তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় এবং সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য হয়, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
জ্বালানি সাশ্রয়ে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও বিভিন্ন বাণিজ্যিক স্থানে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে।
এছাড়া আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন রোধে প্রশাসনকে আরও কঠোর ও মানবিক ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
তরুণদের সঠিক পথে রাখতে সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালু রাখার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু নির্দিষ্ট সময় নয়, সারাবছরই শিক্ষার্থীদের খেলাধুলা ও বিতর্কসহ বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রাখতে হবে।
সবশেষে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, মতভেদ থাকলেও দেশের স্বার্থই সবার আগে।
ডিসি সম্মেলন ২০২৬-এর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রতিবেদকের নাম 




















