সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবর জানান সালমা।
‘আমার আব্বা আর নেই’—এই সংক্ষিপ্ত বার্তায় বাবাকে হারানোর শোক প্রকাশ করেন তিনি। তার বাবার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময় ও স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাবাকে হারানোর আগে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। কিছুদিন আগে ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ করেন তিনি। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত গানটির ভিডিও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।
এদিকে দীর্ঘ বিরতির পর সম্প্রতি গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি লালনগীতির রেকর্ডিং শেষ করেছেন সালমা। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।
এ ছাড়া রোহান রাজের আলোচিত ‘মানুষ বড়ই স্বার্থপর’ গানটির নতুন আয়োজনেও কণ্ঠ দিয়েছেন তিনি। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া গানটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। গানটি ১৭ সেপ্টেম্বর প্রকাশের কথা ছিল।
তবে নতুন গান প্রকাশের ব্যস্ততার মধ্যেই বাবাকে হারিয়ে শোকে নীরব হয়ে গেছেন এই সংগীতশিল্পী।
প্রতিবেদকের নাম 


























