যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৪ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ হস্তান্তরকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
এর আগে সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েকদিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বৃষ্টির মরদেহও শনাক্ত করা হয়।
এ ঘটনায় লিমনের সাবেক রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বৃষ্টির জানাজা যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তার মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 




















