ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’–এর প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং যথেষ্ট যত্ন নিয়ে করা হয়নি বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তাঁর মতে, এ ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা।
গত ৮ জুলাই সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে প্রকাশ করা হয় বায়োপিকটির প্রথম পোস্টার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে রাজকুমার রাও বলেন, পোস্টার তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এ ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন। তাঁর ভাষ্য, কোনো কাজ তাড়াহুড়ো করে না করে পর্যাপ্ত সময় নিয়ে করা প্রয়োজন। পুরো দলই বিষয়টি উপলব্ধি করেছে। পাশাপাশি তাঁরা বুঝতে পেরেছেন, সৌরভের অনুরাগীর সংখ্যা কতটা বেশি।
প্রকাশিত পোস্টারে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত তুলে ধরা হয়। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর জার্সি হাতে নিয়ে সৌরভের ঐতিহাসিক উদ্যাপনের দৃশ্যটি পুনর্নির্মাণ করেন রাজকুমার রাও। তবে পোস্টারটি প্রকাশের পর এর নির্মাণশৈলী ও এআই ব্যবহারের অভিযোগ নিয়ে অনলাইনে সমালোচনা তৈরি হয়।
বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের ক্রিকেটজীবনের শুরুর দিনগুলো থেকে ভারতের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা।
নির্ধারিত সূচি অনুযায়ী, বায়োপিকটি আগামী বছরের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রতিবেদকের নাম 
























