ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব ও সাফল্যের দীর্ঘ অধ্যায়ের পর এবার আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। ২০২৭ আইপিএল মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। লক্ষ্য—এখনও আইপিএল শিরোপা না পাওয়া দিল্লিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করা।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সৌরভের সম্পৃক্ততা অবশ্য নতুন নয়। এর আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন তিনি। তবে এবারই প্রথম আইপিএলে কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন ‘মহারাজা’খ্যাত এই ক্রিকেটার।
এর আগে দুই মৌসুম দিল্লির প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেমাং বাদানি। ২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সহকারী স্টাফ ও পরামর্শক হিসেবে কাজ করেছেন সৌরভ। বিসিসিআই সভাপতির দায়িত্ব শেষ করার পর পুরুষ ও নারী—দুই জাতীয় দলের ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ ছিলেন সৌরভ।
দিল্লির প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর সৌরভ বলেন, আইপিএলে প্রধান কোচ হিসেবে কাজ করার জন্য তিনি অপেক্ষায় ছিলেন। দিল্লি ক্যাপিটালস তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সৌরভ বলেন, বছরের পর বছর ধরে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। মালিকপক্ষ, ব্যবস্থাপনা, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। নতুন দায়িত্বকে তাই তিনি রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
দলের সামর্থ্য নিয়েও আশাবাদী সৌরভ। তার ভাষ্য, দিল্লি ক্যাপিটালসে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন এবং সাম্প্রতিক সময়ে দলটি ভালো ক্রিকেট খেলেছে। নতুন মৌসুমে শক্তিশালী ও নির্ভীক একটি দল গড়ে তোলার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।
তবে সৌরভের সামনে চ্যালেঞ্জও কম নয়। আইপিএলের শুরুর দিকের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস এখনও শিরোপা জিততে পারেনি। ২০২০ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল দিল্লি। সেবার শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয় দলটি।
২০২১ সালে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ফাইনালে জায়গা করে নিতে পারেনি দিল্লি। এরপর আর প্লে-অফে উঠতে পারেনি দলটি।
সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির অধীনে পয়েন্ট তালিকায় ষষ্ঠ অবস্থানে থেকে আসর শেষ করে দিল্লি ক্যাপিটালস। এবার সেই ব্যর্থতা কাটিয়ে দলকে শিরোপার লড়াইয়ে এগিয়ে নেওয়ার দায়িত্ব সৌরভ গাঙ্গুলির কাঁধে।
প্রতিবেদকের নাম 


























