আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হারের পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শনিবার (৭ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগার যুবারা।
ওমানের আল আমেরাতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ। ৪৯.৪ ওভারে ২৪৫ রানেই গুটিয়ে যায় দলটি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন।
এ ছাড়া এসকে জারিফ সিয়াম ৮৩ বলে ৫৯ এবং আব্দুল্লাহ আল মুহি ৩০ রান করেন। শ্রীলঙ্কার হয়ে সেথমিকা সেনেরিরত্নে চারটি, গিমহান মেন্ডিস তিনটি এবং কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট নেন।
২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সেনুজা ওয়েকুনাগদার। তাঁর ব্যাটিংয়ে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল লঙ্কানরা।
তবে ৮৫ রানে সেনুজা আউট হওয়ার পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক দুটি করে উইকেট নেন।
প্রতিবেদকের নাম 



















