সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় ওই এলাকার অন্যতম বহুতল ভবন আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে।
রোববার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা আরামকো টাওয়ারে সরাসরি ক্ষয়ক্ষতির স্পষ্ট চিহ্ন দেখেছেন। তাঁদের একজনের দাবি, ভবনটিকে লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।
এদিকে রয়টার্স জানিয়েছে, রিয়াদে সম্ভাব্য হামলার সতর্কতামূলক বিমান সাইরেন বাজার কিছুক্ষণ পর নগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিক ধারণা অনুযায়ী, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সময় এসব বিস্ফোরণের শব্দ হতে পারে।
আরামকো টাওয়ারে ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পাওয়া গেলেও সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেনি। তবে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি করেছে রিয়াদ।
এর আগে রোববার সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়। এর প্রায় দুই ঘণ্টা পর রাজধানী রিয়াদেও সর্বোচ্চ সতর্কতা জারি করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এ সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়।
প্রতিবেদকের নাম 





















