ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বাদী।
যেসব অভিযোগ আনা হয়েছে
মামলার অভিযোগে বলা হয়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর করা দুটি পৃথক মামলা চলমান রয়েছে। এসব মামলা দায়েরের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীকে নিয়ে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বাদীর বিষয়ে বিভিন্ন তথ্য গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয় বলেও দাবি বাদীর।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, গত বছরের ৭ নভেম্বর তানজিন তিশা তাঁর ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীকে কল করে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। এ সময় তিনি বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিব নে।’
অভিযোগে বলা হয়, গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাদীর একটি ছবি প্রকাশ করেন। ছবিতে একজন নারীকে চুম্বন করার দৃশ্য ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, তাঁর অজান্তে ও অনুমতি ছাড়া ছবিটি প্রকাশ করা হয়। এ ছাড়া দুজন অপ্রাপ্তবয়স্ক শিশুর ছবিও প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
বাদীকে নিয়ে তিশার প্রকাশিত বক্তব্যও মামলায় উল্লেখ করা হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘সেখানে এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলার আগে দেখিওনি।’
বাদীর অভিযোগ, গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে বিষয়টি তাঁর নজরে আসে। পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো অপসারণ করা হয়নি বলে মামলায় দাবি করা হয়েছে।
এ ছাড়া তিশা বিভিন্ন ব্যক্তির কাছে বাদী সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে সানায়া মামলা করেছেন—এমন কটূক্তি করার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ডে তাঁর মানসম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন বাদী।
আগের মামলার প্রেক্ষাপট
এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেছিলেন সানায়া আনাম। পরে গত ২৭ অক্টোবর ওই মামলা প্রত্যাহারে সানায়াকে হুমকি দেওয়ার অভিযোগে তিনি আরও একটি মামলা করেন। ওই মামলায় তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নতুন মামলায় আনা অভিযোগগুলোর বিষয়ে আদালতের তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 




















