পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর পরিবর্তে পাবনা সদর সার্কেল কার্যালয়ের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর পরিবর্তে ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাতেই তাঁকে দায়িত্ব বুঝে নিতে নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় এখনো ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখায় দুই পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, এ ঘটনায় আহত হওয়ার খবর পেলেও তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিবেদকের নাম 
























