পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বোর্ডের কার্যালয়ে সভাটি শুরু হয়।
সভায় গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সভার আলোচ্যসূচিতে শিল্প খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টিও রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর নির্ধারিত বোর্ড সভা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে ২৩ নভেম্বর তৃতীয় সভা আয়োজনের কথা জানানো হয়।
শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা
গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষ।
তবে ওই বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো প্রস্তাব দেননি। অভ্যন্তরীণ আলোচনার জন্য তারা বোর্ডের কাছে সময় চান। পরে তাদের চার কার্যদিবস সময়সীমা বেঁধে দেওয়া হয়।
২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদকের নাম 






















