সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার পরিকল্পনার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে তার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন। এ ঘটনার পেছনে দিল্লির কোনো ইন্ধন রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। দেশের বাইরে থেকে অর্থ পাঠিয়ে কিশোর গ্যাং ও টোকাইদের দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির তিন নেতাকর্মী হত্যার জন্য পলাতক আওয়ামী লীগ নেতারা দায়ী। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ন্যায়সংগত বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, তার পেছনে কারা শক্তি জোগাচ্ছে এবং কার ইচ্ছায় তিনি এমন দাবি করছেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে তার জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেদকের নাম 























