চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় ৪০ অ্যাম্পুল মাদক ইনজেকশনসহ গ্রেফতারের প্রায় ছয় বছর পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাসিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাসিদ মণ্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা তেতুলতলাপাড়ার মৃত শহিদ মণ্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে হাসিদ মণ্ডলের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তার পরনে থাকা জ্যাকেটের পকেটে একটি কাপড়ের ব্যাগ থেকে ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে দুই মিলিলিটার করে মোট ৮০ মিলিলিটার ইনজেকশন ছিল। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ১২ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলাটি দায়রা আদালতে বিচারাধীন হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের পাঁচজন সাক্ষীর সাক্ষ্য এবং উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাসিদ মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।
প্রতিবেদকের নাম 


























