
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির মালিক স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির বাসিন্দা আমজাদ হোসেন। রাতে বাসটি সড়কের পাশে পার্কিং করে চলে যান চালক মমিন হোসেন। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার হেলাল।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাস থেকে নেমে মসজিদে যান হেলপার। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
বাসমালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।
দোকানমালিক ইউছুফ আলী বাবু জানান, বাসটি ওই স্থানে পার্কিং করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু চালক তার কথা শোনেননি। আগুনে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসটি আগেই পুড়ে যায়। ঘটনাস্থলে বাসের একটি আসনের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
২৬ নভেম্বর ২০২৬
প্রতিবেদকের নাম 





















