
অজন্তা দেব রায় যুক্তরাজ্যের লন্ডনে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তিনি লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে লেবার পার্টি-এর প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন।
৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন বলে জানা গেছে। এর আগে ২০২৪ সালের উপনির্বাচনে প্রথমবার তিনি একই কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
অজন্তা দেব রায় বাংলাদেশের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের সন্তান। পড়াশোনা ও কর্মজীবনের সূত্রে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।
শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং পরে মানবাধিকার ও কমিউনিটি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। এরপর স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে লেবার পার্টির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দুই সন্তানের জননী এবং স্থানীয় কমিউনিটিতে একজন সক্রিয় সামাজিক কর্মী হিসেবেও পরিচিত।
তার পুনর্নির্বাচনে পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।




















